কেন আসল ভালোবাসা ছবির চেয়ে নীরবতায় বেশি প্রকাশ পায়?

কেন আসল ভালোবাসা ছবির চেয়ে নীরবতায় বেশি প্রকাশ পায়?

সুখের সমীকরণ কি? মানুষের সামনে নিজেদের সম্পর্কের গভীরতা প্রকাশ করা কতটা সুখ বয়ে আনে? সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি কম পোস্ট করেন। এই বিষয় নিয়ে লেখাটিতে টুকটাক আলোচনা করা হয়েছে।

আলোচনার প্রথমেই আপনাদের একটা গবেষণার রিপোর্ট দেখাইঃ

“শটকিট” নামের এক ফটোগ্রাফি সংস্থার দ্বারা পরিচালিত একটি গবেষণায় ১৮ থেকে ৫০ বছর বয়সী ২,০০০ দম্পতি অংশ নেন। অংশগ্রহণ করা দম্পতিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেমন সময় কাটান এবং নিজেদের সম্পর্ক প্রদর্শন করেন সেই সব বিষয় নিয়েই মূলত সমীক্ষা করা হয়।

পাশাপাশি দম্পতিরা একে অপরকে কতটা বিশ্বাস করেন, একে অপরের সঙ্গে কতটা সময় কাটান, তারা একে অপরের কত ঘনিষ্ঠ এইসব বিষয় নানা রকম প্রশ্ন করা হয়েছিল সমীক্ষায়।

গবেষণায় দেখা গেছে, যে সকল দম্পতিরা সপ্তাহে তিনবার বা তার একাধিক সঙ্গীর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা দম্পতিদের তুলনায় ১২৮% বেশি অসুখী।

গবেষণায় অংশগ্রহণ করা ৫২% দম্পতি সপ্তাহে অন্তত তিনবার বা তার একাধিক সঙ্গীর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এবং ২৪% মাঝেমধ্যে কোন অনুষ্ঠানে সঙ্গীর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর, ৮% দম্পতি নিজেদের সম্পর্ক গোপনে রাখতেই পছন্দ করেন।

সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি কম পোস্ট করেন

সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নিত্যদিনের নেশায় পরিণত হয়েছে। কোথাও ঘুরতে গেলে আজকাল মানুষ জায়গা বা সময় উপভোগ করার থেকে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ছবি তুলতে ব্যস্ত হওয়ার অন্যতম মূল কারণ হলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার।

FOMO (Fear of Missing Out) এক ধরনের মানসিক চাপ। অনেকেই মনে করে “আমি যদি আমার ঘুরতে যাওয়ার ছবি শেয়ার না করি, তাহলে অন্যরা ভাববে আমি হয়তো মজা করছি না বা পিছিয়ে আছি।” এই মানসিক চাপকে মূলত FOMO বলা হয়।

বর্তমানে বেশিরভাগ মানুষ FOMO-তে আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় ছবি না দিতে পারলে আমাদের ভ্রমণ বৃথা মনে হয়। মুহূর্ত উপভোগের চেয়ে ছবি তোলা আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে গিয়েছে।

কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় সুখী দম্পতিরা আমাদের থেকে আলাদা। সুখী দম্পতিরা অযথা ছবি কম তুলেন। ছবি তুললেও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন না। এতে করে তাদের FOMO মানসিক চাপ কমে আসে। ধীরে ধীরে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ নামক ভাইরাস থেকে নিজেদের রক্ষা করেন।

কিন্তু প্রশ্ন হলো, সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন না?

এই প্রশ্নের উত্তর জানার জন্য গত ১ মাস ধরে আশেপাশের অনেক সুখী পরিবারের সাথে আলোচনা করেছি। অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি। মাঝেমধ্যে অবশ্য জিপিটি ও জেমিনিকে ডিস্টার্ব করেছি। পাশাপাশি সুখী ও অসুখী দম্পতিদের কার্যকলাপ মিলিয়ে দেখার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বের করেছি যা আপনাদের সামনে এই লেখাটিতে উপস্থাপন করা হবে।

তাদের কাছে সম্পর্কের প্রকৃত মান মুখ্য

তারা মনে করেন ‘সামাজিক স্বীকৃতি নয়, সম্পর্কের প্রকৃত মান নির্ণয় হয় একান্ত মুহূর্ত আর পারস্পরিক বোঝাপড়ায়।’ নিজেদের মুহূর্তগুলো ছবি বা ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের কারণে অযথা সময় নষ্ট হয় এবং মুহূর্তগুলো হাতছাড়া হয়ে যায়।

আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেই সমাপ্ত করি না। কিছু সময় পর পর কতগুলো লাইক পরলো, কে কি কমেন্ট করলো, কত ইম্প্রেশন হলো এগুলো চেক করতে ব্যস্ত থাকি। এভাবে মূল্যবান সময়গুলো অপচয় হয়।

সুখী দম্পতিরা খুব ভালো করেই জানেন, অন্তরঙ্গ কথোপকথন আর নিঃস্বার্থ হাসিতে লুকিয়ে থাকে সম্পর্কের আসল সৌন্দর্য। সোশ্যাল মিডিয়ায় ছবি কিংবা ভিডিও শেয়ার করে তা কখনোই বোঝানো যায় না। তাই নিজেদের সম্পর্কের প্রকৃত মান বজায় রাখতে সময়কে উপভোগ করা অন্তত জরুরী।

নিরাপত্তা ও বিশ্বাসের প্রতিফলন

সুখী দম্পতিরা স্বীকৃতির চেয়ে গোপনীয়তাকে বেশি গুরুত্ব দেন। যেসব দম্পতির সম্পর্ক অনিশ্চিত, তারা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা পোস্টের মাধ্যমে প্রমাণ করতে চান যে সব ঠিক আছে। অন্যদিকে সুখী দম্পতিরা এই চাপ অনুভব করেন না।

তারা সম্পর্কের মুহূর্তগুলো নিজেদের মধ্যে রাখতে পছন্দ করেন। তাদের মতে, একটি সুন্দর সম্পর্ক টিকে থাকে অন্যের প্রশংসায় নয় বরং পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধায়। সামাজিক যোগাযোগমাধ্যমের ‘লাইক’ বা ‘কমেন্ট’ নয়, আন্তরিকতা ও বোঝাপড়ার ওপর সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে।

Harvard Business Review (2021)-এর এক বিশ্লেষণে বলা হয়, অতিরিক্ত অনলাইন প্রদর্শন অনেক সময় ‘relationship insecurity’-এর একটি সূচক হতে পারে। অর্থাৎ সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের ইন-সিকিউরিটি বা অবিশ্বাসের জন্ম হতে পারে।

বর্তমান মুহূর্তকে উপভোগ করা

মুঠোফোনের মধ্যে আবদ্ধ না হয়ে, একসঙ্গে কাটানো বর্তমান ও বাস্তব সময়টাই তাঁরা উপভোগ করেন। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা প্রকাশের থেকে চোখে চোখ রেখে কথা বলা, চোখের দিকে তাকিয়ে হাসা ও নিরবে হাত রাখাকে প্রাধান্য দেন।

শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালোবাসা প্রকাশ করতে যে সময় ব্যয় হয় ওই সময়ে সন্ধ্যায় একসঙ্গে চা খাওয়া, বৃষ্টিতে হাঁটা বা হঠাৎ একে অপরকে জড়িয়ে ধরার মত ছোট ছোট বিষয়ও তাঁদের কাছে বিশেষ।

এগুলো হয়তোবা অন্যের চোখে ধরা পড়ে না কিন্তু এরই মধ্যে লুকিয়ে থাকে প্রকৃত ভালোবাসা। ভালোবাসা সবচেয়ে সুন্দর হয় তখনই, যখন সেটি শান্তভাবে উপভোগ করা হয়। দুজনের মনের মিল যা অন্যকে দেখানোর উদ্দেশ্যে নয়।

প্রদর্শনের প্রয়োজন নেই

Pew Research Center (2019)-এর একটি জরিপে দেখা গেছে, স্থায়ী ও গভীর সম্পর্কের দম্পতিরা সাধারণত অনলাইন এক্সপ্রেশন কম করে থাকেন। তাদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা সম্পর্কের ভেতরেই মজবুত থাকে।

একটি সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনলাইন প্রদর্শনের প্রয়োজন নেই, অন্যের থেকে কোন ধরনের কমেন্ট পাওয়ার ও প্রয়োজন নেই। বরং নিজেদের সময় উপভোগ করা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শনের চেয়ে অনেক মূল্যবান।

চোখে চোখ রেখে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ

সত্যিকারের বোঝাপড়া গড়ে ওঠে মুখোমুখি বা সরাসরি কথা বলার মধ্য দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে যতই কথা বলা হোক না কেন সেখানে মুখের ভাব, চোখের চাহনি বা কণ্ঠস্বরের আবেগ ঠিকমতো বোঝা যায় না।

ধরো, স্বামী সারাদিন রোদে-ঘামে বাইরে পরিশ্রম করে ঘরে ফিরলেন। ক্লান্ত শরীর, চোখে অবসাদ। সেই সময় স্ত্রী দরজায় এগিয়ে এসে শুধু এক গ্লাস পানি দিলেন আর মৃদু হেসে বললেন, “আমি আছি, চিন্তা কোরো না” আর তাঁর হাতটা ধরলেন।

এই একটুকু যত্ন আর সম্মানই স্বামীর সব পরিশ্রমকে অর্থবহ করে তোলে, যা কোনো কথার চেয়েও বড় প্রেরণা হয়ে দাঁড়ায়। এ রকম সরাসরি বা চোখের দিকে তাকিয়ে কথা বলার মধ্যে যে ভালোবাসা থাকে, ফোনে তা কখনো বোঝানো যায় না।

মূল্যবান সময়কে যথার্থ ব্যবহার

রিসার্চে দেখা যায় সুখী দম্পতিরা তাদের মূল্যবান সময়গুলোকে যথার্থ ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় অন্যর সামনে নিজের ভালোবাসা প্রকাশের থেকে, নিজেদের ভালোবাসাকে মজবুত করার লক্ষ্যে একসঙ্গে ভ্রমণ, কথা বলা, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা একে অপরকে বোঝার জন্য সময় ব্যয় করে।

Brigham Young University (2018) এর একটি স্টাডি বলছে, যেসব দম্পতি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করে বরং একে অপরের সঙ্গে সরাসরি সময় কাটায়, তাদের সম্পর্ক বেশি স্থিতিশীল হয়।

অন্যের অনুমতির অপেক্ষা করে না

বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে কোথাও ঘুরতে গেলে বা ঘুরতে যাওয়ার আগে অথবা কোথাও আড্ডা দিতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস এর মাধ্যমে বন্ধুদের জানানোর প্রয়োজন হয়। এটা আমাদের এমন ভাবে আটকে দিয়েছে যা অনুমতি নেওয়ার মতো অবস্থা।

সুখী দম্পতিরা মনে করে, পোস্ট করে খুঁটিনাটি দেখানোর প্রয়োজন নেই। তারা নিজেদের সম্পর্ক নিয়ে নিরাপদ বোধ করেন এবং প্রতিটি মুহূর্ত প্রদর্শন করার কোন তাড়াহুড়া থাকেনা। ভালোবাসা প্রকাশের চেয়ে তা অনুভব করাকেই বেশি গুরুত্ব দেন তারা।

ছবির চেয়ে নীরবতায় ভালোবাসা সুন্দর

এই ছবি প্রদর্শনের যুগে নীরবতা ভালোবাসা অনেক বেশি মূল্যবান ও সুন্দর। ভালোবাসা আসলে শব্দ বা ছবির চেয়ে অনেক বড় অনুভূতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে যেই ভালোবাসা প্রকাশ করা হয় তা দৃশ্যমান প্রদর্শন মাত্র।

সত্যিকারের ভালোবাসা অনুভূতি প্রদর্শন নয় উপলব্ধি মুখ্য বিষয়। যা শব্দের বাইরে যোগাযোগের মাধ্যমে তৈরি হয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় Nonverbal Communication। একে অপরের চোখের দিকে তাকানো, ছোট্ট একটা হাসি, কিংবা নীরবে পাশে বসে থাকা এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রদর্শনীর থেকে মূল্যবান।

তাই বিভিন্ন রিসার্চ ও সুখী দাম্পত্তিদের মতামত অনুযায়ী প্রদর্শনী থেকে নীরবতায় ভালোবাসা অনেক বেশি সুন্দর। প্রদর্শনী ভালবাসা শুধুমাত্র লোক দেখানো হয়ে থাকে, যা সাময়িক অনুভূতি দিলেও সারা জীবনের জন্য যথেষ্ট নয়।

আমরা বর্তমান সেলিব্রিটিদের দিকে তাকালে দেখতে পারি। তারা সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক গুলোকে জাকজমকপূর্ণভাবে উপস্থাপন করে, ধুমধাম করে বিয়ে করে, ৬ মাস – ১ বছর সংসার করার পরে আবার ডিভোর্স। কেননা তাদের ভালোবাসায় অনুভূতি থেকে প্রদর্শনী বেশি থাকে।

শেষকথা

মানুষের সামনে নিজেদের সম্পর্কের গভীরতা প্রকাশ কখনোই ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনে না। যার কারণে বিভিন্ন রিসার্চে দেখা যায় সুখী দম্পতিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি কম পোস্ট করেন।

তাদের আত্মবিশ্বাস ও সন্তুষ্টি আসে একে অন্যের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক থেকে, অন্য মানুষের প্রশংসা বা স্বীকৃতি থেকে নয়। তারা জানেন এবং বিশ্বাস করেন, সোশ্যাল মিডিয়ার জমকা‌লো ছবির চেয়ে একসঙ্গে কাটানো মানসম্মত, উপ‌ভোগ‌্য সময় তাঁদের কাছে অনেক বেশিই মূল্যবান।

এত সময় ধরে পুরো লেখাটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি শুধুমাত্র আমার নিজস্ব মতামত বিভিন্ন রিসার্চ এবং সুখী দাম্পত্তিদের কথাগুলো উল্লেখ করেছি। আপনার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত আপনি নিবেন।

তবে আমাদের জীবনের মূল লক্ষ্য সুখে থাকা। আমরা যত পরিশ্রম করি বা যত কার্যকলাপ করি সবকিছুর মূল লক্ষ্য থাকে সুখ। তাই সুখের সন্ধানে বেরিয়ে নিজেদেরকে দুঃখের সাগরে ফেলে দেওয়ার মত ভুল না করি। এ বিষয়ে সতর্ক করার জন্য এই ব্লগটি লেখা। ডট পয়েন্ট কানেক্ট করতে পারলে আল্টিমেট সুখের সমীকরণ মিলাতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আপডেট দেওয়া আমাদের ডোপামিন রিলিজ করে। আর এই ডোপামিনের ফাঁদে পড়ে আমরা আমাদের সুন্দর সময়গুলোকে নষ্ট করছি। আপনার হাতে ফ্রী সময় থাকলে “ডোপামিনের দাসত্বে আপনার আমার জীবন ধ্বংস” লেখাটি দেখতে পারেন।

শিহাব কাজী, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ।

প্রথম প্রকাশ ছিল ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *